শরীয়তপুরঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
দুদক জানায়, ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পায় দুদক। পরে সোমবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কার, মেনটেইন্যান্স, বদলি বাণিজ্য, ওয়াস ব্লক নির্মাণ না করেই ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া স্লিপের লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছি। আমরা সব অভিযোগের ব্যাপারে তদন্ত করছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

