ঢাকাঃ চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পে আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা।
দেশে এখনও মূল্যস্ফীতি বেশি আছে জানিয়ে তিনি বলেন, আগামীতে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মজুরির হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দিতে পারবে। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।
রাজনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হচ্ছে, সেটি দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। সুশাসন নিশ্চিত করতে পারলে জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। সংস্কার বলি বা যাই বলি না কেন গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।
বাংলাদেশে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, আগামীর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য দেশের পানি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তৈরি করা দরকার।
এছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকার ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জানিয়ে উপদেষ্ট বলেন, এরমধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
