গোলাম মাওলা, জাবি প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৩ জানুয়ারি থেকে শুরু হবে। এরমধ্যেই স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভর্তির আবেদন ফি কমানো হয়েছে এবং একাধিক শিফটে অনুষ্ঠিতব্য ইউনিটের ক্ষেত্রে বরাদ্দকৃত মোট আসনকে সমহারে বন্টন করে প্রতি শিফটে আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে বলে তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং এতদ্বিষয়ে উপাচার্যের জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়েছে। নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে। ইতোমধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত ১০ ইউনিটের পরিবর্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ০৭ ইউনিটে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় ভর্তির আবেদন ফি যৌক্তিক হারে কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) আবেদন ফি ৭০০ টাকা ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ + আইন অনুষদ + তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) আবেদন ফি ৫০০ টাকা, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফি ৬০০ টাকা, আইবিএ-জেইউ পৃথক ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার শিফটের ক্ষেত্রে (ক) একাধিক শিফটে অনুষ্ঠিতব্য ইউনিটের ক্ষেত্রে বরাদ্দকৃত মোট আসনকে সমহারে বন্টন করে প্রতি শিফটে আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। (খ) গ্রুপভিত্তিক আসন বরাদ্দকৃত ইউনিটের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণপূর্বক আনুপাতিক হারে প্রতি শিফটে গ্রুপভিত্তিক আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
(গ) উপরে উল্লিখিত ‘ক’ ও ‘খ’ উভয়ক্ষেত্রে মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুণ করে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ গুন শিক্ষার্থীর পৃথক মেধা তালিকা প্রস্তুত করা হবে। এছাড়াও সভায় পোষ্য শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রত্যেক বিভাগে সর্ব্বোচ্চ ০৪ জন মেধাক্রম অনুযায়ী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
