সারিয়াকান্দির ইউএনও অপসারণের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

বগুড়াঃ বগুড়া সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানকে অপসারণের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এক দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা নাগরিক কমিটি এবং সুশীল সমাজের আয়োজনে রোববার সকালে উপজেলার মেইন ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

পরে চার সংগঠনের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এ সময় পৌর এলাকার টিপুড় মোড়ে ২ ঘণ্টার জন্য উপজেলার প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কে বিশাল আকার যানজটের সৃষ্টি হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলামের অনুরোধে বিক্ষোভকারীরা আন্দোলন সমাপ্ত করলে পুনরায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সারিয়াকান্দি ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, সড়ক অবরোধের সংবাদ পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত থাকার আহ্বান জানাই। পরে তারা সড়ক অবরোধ কর্মসূচি পরিহার করেছে। ফলে উপজেলার মেইন সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.