নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়শ্রেণিকক্ষের দেওয়ালে নানা রঙ দিয়ে লেখা থাকবে বাংলা ও ইংরেজি বর্ণমালা। থাকবে মীনা, মিতু ও রাজুর ছবি। আর গাণিতিক চিহ্ন ছাড়াও দেওয়ালে দেওয়ালে আঁকা হবে দেশ বরেণ্য লেখক ও মনীষীর ছবি। রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয়কে এভাবেই দৃষ্টি নন্দন করা হবে। অনেক প্রতিক্ষার সেই প্রকল্প মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের আওতায় ঢাকা মহানগরের ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নতুনভাবে সাজানো হবে। আর পূর্বাচলে ১১টি এবং উত্তরায় ৩টিসহ মোট ১৪টি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।
এক হাজার ১৫৯ কোটি ২১ লাখ টাকার এই প্রকল্পটি শুরু হবে ২০২০ সালের জানুয়ারিতে। প্রকল্প শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বরে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও দৃষ্টিনন্দন করতে এক হাজার ১৫৯ কোটি ২১ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রথম পর্যায়ে রাজধানী ঢাকার ৩৪২টি স্কুলে নতুনভাবে সংস্কার কাজ করা হবে। এই প্রকল্পের আওতায় উত্তরা ও পূর্বাচলে ১৪টি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয় দৃষ্টি নন্দন করা হবে।
প্রথম পর্যায়ে রাজধানীর সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দৃষ্টিনন্দন করতে প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, রাজধানীর যেসব প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ বা আধুনিক করার সুযোগ নেই, সেগুলোকে কাছাকাছি কোনও বড় পরিসরের প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে এককিভূত করা হবে। সব বিদ্যালয়ে তৈরি করা হবে খেলার মাঠ।
প্রতিটি বিদ্যালয়কেই পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
