এইমাত্র পাওয়া

বরখাস্ত ও বাসস্থান ত্যাগে নিষেধাজ্ঞা সেই প্রধান শিক্ষক পরিতোষের

যশোরঃ আদর ও বকাঝকার ছলে ৫ম শ্রেণির ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ কোমলমতি ছাত্রীদের সাথে শিক্ষকসূলভ আচরণ না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রীকণ্ঠনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষকে বরখাস্ত করা হয়েছে।
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ পরিচালক ডক্টর শফিকুর ইসলাম এই বরাখাস্তাদেশ দিয়েছেন। আদেশে বরখাস্ত থাকাকালে বাসস্থান ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ক্রমাগত উত্ত্যক্ত করা ও শ্রেণি কক্ষে অস্বস্তিকর পরিবেশ তৈরির ঘটনায় ১২ ছাত্রীর দেয়া একটি অভিযোগ তদন্ত করে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তথ্য মিলেছে, শ্রীকণ্ঠনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়কে ঘিরে মাসখানেক আগে ওই এলাকায় ও স্কুলে নানামুখি বক্তব্য ছড়িয়ে পড়ে। তিনি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন। কয়েকজন শিক্ষার্থী ঘটনাটি প্রথমে প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক শাহনাজ পারভীনসহ কয়েক শিক্ষককে অবহিত করেন। এরপর যশোর সদর উপজেলা শিক্ষা অফিসে ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। একে একে ১২ শিক্ষার্থীর দেয়া ওই লিখিত অভিযোগটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসের ৩ জন এটিওর সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এটিও আসাদুজ্জামানকে প্রধান করে ও এটিও মুন্নী আক্তার ও নাহিদা আক্তারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই ৩ কর্মকর্তাসহ অপর এটিও প্রবীর মাঠে নামেন তদন্ত করতে।
ওই কমিটি বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়কদের সাথে কথা বলেন এবং শেষে অভিযুক্ত প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়কেও জিজ্ঞাসাবাদ করেন।

তদন্ত কমিটির কাছে পরিস্কার হয়, প্রধান শিক্ষকের আচরণ ছিল অস্বস্তিকর। এ ছাড়াও শ্রেণিকক্ষে অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করতেন পরিতোষ কুমার। অকারণে গায়ে হাত দিয়েছেন অনেকের। এমনকি স্পর্শকাতর স্থানেও কৌশলে হাত দিয়েছেন প্রধান শিক্ষক পরিতোষ। প্রধান শিক্ষকের চাহনি তাদের কাছে অস্বস্তিকর ছিল। সব মিলিয়ে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের ভাষ্য যাচাই করে প্রতিবেদন দাখিল করেন প্রধান শিক্ষক পরিতোষের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য মনে হয়েছে মর্মে দাখিল করা প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওই প্রতিবেদন খুলনা উপপরিচালকের কাছে প্রেরণ করেন। আর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশও করা হয়।

ওই প্রতিবেদন পেয়ে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় খুলনার উপ পরিচালক ডক্টর শফিকুল ইসলাম শ্রীকণ্ঠনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়কে সাময়িক বরাখাস্ত করেছেন।

আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ১২ (১) ধারা মোতাবেক তাকে গত ১৭ নভেম্বর থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। একই সাথে বলা হয়েছে পরিতোষ রায় সাময়িক বরখাস্তকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবাসস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া বরখাস্তকালীন তাকে যশোর সদর উপজেলা শিক্ষা অফিসে নিয়মিত উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.