এইমাত্র পাওয়া

সরকারি সব চাকরির আবেদন ফি ২০০ টাকা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করছে সরকার। সেইসঙ্গে সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি, আধা সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে।

এদিকে, বিসিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছিল। আর ভাইভা নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করে প্রতিষ্ঠানটি।

এবার প্রস্তাবের চেয়েও আরও কমে ২০০ টাকায় আবেদনের সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে পরীক্ষা ফি এবং ৪৪তম বিসিএস থেকে ভাইভার বিষয়টি কার্যকর হতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.