এইমাত্র পাওয়া

৪৮ ঘণ্টার মধ্যে ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে’ কমিটি ঘোষণার দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

ঢাকাঃ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরে সম্ভাব্যতা যাচাই’ কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে তিতুমীর কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনেলিখিত বক্তব্য পাঠ করেন প্রিলি মাস্টার্স ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে, সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরেজমিন পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচইয়ের কমিটির বিষয়ে আমাদের এই তিন দফা দাবি মেনে না নেওয়া হলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স ২১-২২ সেশনের শিক্ষার্থী আবদুল হামিদ বলেন, ‘গত ১৮ নভেম্বর আলোচনায় মন্ত্রণালয় আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পারে এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় গঠনের জন্য একটি শক্তিশালী কমিটি করার সিদ্ধান্ত নেয়। যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা প্রকাশে টালবাহানা শুরু করে। এর প্রতিবাদে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাতেই আবার রাস্তায় নেমে আসে। পরবর্তী সময়ে রাতেই রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আমাদের আলোচনা হয় এবং তারা এটি নিশ্চিত করেন যে ১৯ নভেম্বর প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বসে আমাদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

তিনি বলেন, ‘১৯ নভেম্বর তারা আমাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসেন, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। এ আলোচনায় সিদ্ধান্ত আছে যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভব্যতা যাচাইয়ে একটি পৃথক কমিটি হবে এবং এই কমিটি গঠনের জন্য ৭ দিন সময়ের কথা বলেন নাহিদ ইসলাম।’

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) অধ্যাপক এম আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যাচাইয়ে বিষয়ে কাজ চলমান। শিগগিরই কমিটির বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading