ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় ভিসি কোটা, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল এবং পোষ্যকোটা সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী কাউসার আলম আরমানের সঞ্চালনায় বক্তব্য দেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান। এ সময় তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থা সংস্কার অন্যতম কাজ হওয়া উচিত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় এরকম বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কার করা।
আমরা দেখেছি একজন মেধাবী শিক্ষার্থী প্রায় ৭০ শতাংশ নাম্বার পেয়েও এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় না কিন্তু একজন কোটা ধারী ৩০ শতাংশ নাম্বার পেয়েও এখানে ভর্তির সুযোগ পায়।
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই, আসন্ন ভর্তি পরীক্ষার আগেই এই বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার করতে হবে আর না হয় আপনারা আপনাদের গদিতে টিকে থাকতে পারবেন না। আমরা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার না করলে আপনাদেরও হটাতে বাধ্য হব।’
বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, ‘একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ৬০ নাম্বার পেয়ে ভর্তির সুযোগ পায় না, অন্যদিকে মাত্র ২৬ নাম্বার পেয়ে পোষ্যকোটাধারীরা ভর্তির সুযোগ পাচ্ছেন।
এই বৈষম্য জাহাঙ্গীরনগরে চলবে না। যদি পোষ্যকোটা রাখতে হয় তবে সেটা যৌক্তিক সংস্কার করে রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি এই পোষ্যকোটায় যারা ভর্তি হয় তাদের অনেকেই ক্যাম্পাসে কি ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায়। তারা জাহাঙ্গীরনগরের পরিবেশে বেড়ে উঠে, ক্যাম্পাসের সব বিষয়ে তাদের আগে থেকে ধারণা থাকে এবং শিক্ষার্থী হয়ে সেই বিষয়গুলো তারা কাজে লাগায়।
তারা মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি সিন্ডিকেটসহ সবধরনের সিন্ডিকেট, অপকর্মে তাদের হাত থাকে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

