দীর্ঘ ২০ দিন বন্ধের পর অবশেষে খুলছে ঢাকা সিটি কলেজ

ঢাকা: ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ ২০ দিন বন্ধ রাখার পর অবশেষে খুলছে ঢাকা সিটি কলেজ। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৬ নভেম্বর) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯ নভেম্বর থেকে কলেজ খোলা হবে এবং প্রথমদিন একাদশ শ্রেণির ক্লাস হবে। তবে প্রথম সেমিস্টারের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে না। এর পরদিন (২০ নভেম্বর) দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তবে দ্বাদশ শ্রেণিরও প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির ক্লাস শুরু হবে ২১ নভেম্বর থেকে।

এর আগে গত ২৮ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান নানা স্বেচ্ছাচারিতা, বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসছেন। সেজন্য এসব বিষয়ে যৌক্তিক সমাধান চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

পরে আন্দোলন ঠেকাতে কলেজ কর্তৃপক্ষ ৪ নভেম্বর নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.