আবারও ছাদখোলা বাসে বরণ করা হবে সাফ চ্যাম্পিয়নদের

ঢাকাঃ চ্যাম্পিয়ন হলে ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণের স্বপ্নের কথা দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন সানজিদা আক্তার। ২০২২ সালে কাঠমান্ডুর ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের মেয়েরা। সানজিদার ওই প্রত্যাশা পূরণে এক দিনের ব্যবধানে ছাদখোলা বাসের ব্যবস্থা করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ একই মঞ্চে একই প্রতিপক্ষ নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হল বাংলাদেশ।

এই ম্যাচের আগেও সেই ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দিয়েছিলেন সানজিদা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি শেয়ার করে এই উইঙ্গার লিখেছেন, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডকে প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন এবং দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ এনে দিতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

সানজিদারা কথা রেখেছেন, নেপালকে হারিয়ে দেশকে টানা দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। তাই বাফুফের পক্ষ থেকে ছাদখোলা বাসে করেই বরণ করা হবে সাবিনাদের। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.