ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রত্যন্ত গ্রামে রিফাত কওমী মাদ্রাসা। কুরআন শিক্ষার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মমুখী শিক্ষার জগতে নিয়ে এসেছে হা-মীম গ্রুপ। স্থানীয় মৌলভীর চর এলাকায় ১৯৯৬ সালে দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলে হা-মীম গ্রুপ। প্রতিষ্ঠানটির এমডি এ. কে. আজাদের তত্ত্বাবধানে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন মাদ্রাসাটির কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের হাতে তুলে দেন সরকারি প্রশিক্ষণের সনদ। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, শাহজালাল ইসলামী ব্যাংক চরভদ্রাসন শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ কম্পিউটার প্রশিক্ষক ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কোরআনে হাফেজ হওয়ার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষিত হতে পেরে খুশি শিক্ষার্থীরা। এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে সারাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় বলে মনে করেন তারা।
হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, কম্পিউটার এখন জীবনের প্রতিদিনের সঙ্গী, সব শিক্ষাপ্রতিষ্ঠানে এখন কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। মাদ্রাসাগুলোও তার বাইরে নয়। আমরা রিফাত কাওমী মাদ্রাসায় এই প্রশিক্ষণ অব্যাহত রাখবো।
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী এবং কর্মমুখী করতে অন্যান্য মাদ্রাসাগুলো এ ধরনের উদ্যোগ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
