নওগাঁঃ ঘন কুয়াশার দেখা মিলছে উত্তরের জেলা নওগাঁয়। এ যেনো শীতেরই আগমনী বার্তা। জেলায় চলতি বছরের প্রথম ঘন কুয়াশার সাথে সাথে হালকা শীতও অনুভূত হচ্ছে।
সোমবার সকাল ছিলো নওগাঁর জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত দেখা মিলেছে কুয়াশার। কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে পুরো জেলা। শহর থেকে গ্রামাঞ্চলের দিকে ঘন কুয়াশা দেখা যায়। ৯টার পর সূর্যের দেখা মিললেও খানিক বাদে আবারও কুয়াশাচ্ছন্ন হয়ে যায় নওগাঁর আকাশ।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিক কুয়াশার কারণে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বাসিত হয়েছেন ভোরে হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিক। কুয়াশার কারণে সকালে সড়কে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ছোট কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
স্থানীয়রা বলছেন, দিনে গরম আর শেষ রাতে অনুভূত হচ্ছে হালকা শীত। শেষ রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে আরও কিছুদিন দেরি আছে।
নওগাঁ সদর উপজেলার তাজের মোড় এলাকার রহমান আলী জানান, হঠাৎ করেই সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে যায়। সকালে হাঁটতে বেরিয়ে বেশ ভালো লেগেছে।
নওগাঁ শহরের পুরাতন কাট হাটি মহল্লার সুবল চন্দ্র জানান, সকালে বের হয়ে অন্যরকম মনে হয়েছে। চারদিকে সাদা কুয়াশা দেখে মনে হয়েছে শীতের দিন চলে এসেছে। জেলায় এই বছর প্রথম ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। তবে খুব বেশি শীত অনুভূত হয়নি।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে যায়। এ সময়টাতে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে। নভেম্বর মাস থেকে শীত অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
