রাজধানীসহ সারাদেশে শীত পড়তে শুরু করেছে। সাথে সাথে কমছে তাপমাত্রাও। এ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। ১৮ ডিসেম্বর, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২০, ২১ ও ২২ ডিসেম্বর দেশের কিছু কিছু জায়গায় প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহে ১৩ ডিগ্রি, রাজশাহীতে ১১ দশমিক ৪, খুলনায় ১৫, বরিশালে ১৪ দশমিক ৫, রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে।
আরও দু-তিন দিন তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। তবে ঢাকায় তাপমাত্রা এই পরিমাণ কমার কোনো সম্ভাবনা নেই। মূলত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে থাকবে।’ আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘এখন শীতের ঠান্ডা, কুয়াশা পড়ছে। শৈত্যপ্রবাহ এখনও শুরু হয়নি, তবে সামনে আসার সম্ভাবনা রয়েছে। আজ-কাল আরো তাপমাত্রা কমে যাবে। তখন কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ হয়তো পড়তে পারে।’ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। ২০, ২১ ও ২২ ডিসেম্বরের ভেতর একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে মৃদু আকারে। এর প্রভাবে বেশি পড়বে উত্তরবঙ্গের কিছু জায়গায়। ২২ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা বেড়ে যাবে। ২৫ ডিসেম্বরের পরে আবার মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
