চাঁদপুরঃ শৃঙ্খলা পরিপন্থি ও নানা উসকানিমূলক কাজে জড়িত থাকাসহ একাধিক অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) চাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আব্দুল হাই (অব.) কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কার করা হয়।
জানা যায়, আওয়ামীপন্থি এই দুই শিক্ষক হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশকে নানাভাবে উসকানি দিতে থাকে। তাদের আর্থিক সুবিধাসহ নানাভাবে প্রতিষ্ঠানের আইন পরিপন্থি কাজে লিপ্ত থেকে উৎসাহ উদ্দীপনা দিয়ে একটি বিশৃঙ্খলা করতে থাকে বলে অভিযোগ রয়েছে। যার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার পরিবেশের সুশৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা এই দুই শিক্ষকের পদত্যাগসহ তাদের বহিষ্কারের দাবি তোলে।
এদিকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে চাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন বিভিন্ন সময় বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে ব্যাঙ্গ করে এবং উপাচার্যের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অকথ্য ও অশ্লীল ভাষায় তথ্য শেয়ার করে ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এবং উসকানিমূলক কথাবার্তা বলে যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া শিক্ষার্থীদের একটি অংশকে নানাভাবে উসকানিমূলক কাজে ব্যবহার করে এবং যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী এবং এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।
তিনি আরও বলেন, যেখানে সারা দেশে শিক্ষকদের পক্ষে পদত্যাগের জন্য কাউকে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা করেছে।সেখানে এই দুই শিক্ষক শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে উশৃঙ্খলতার চরম পর্যায় পৌছেছে। তাই সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যেই এই দুই জন শিক্ষক ছাত্রদেরকে উসকানি দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করা এবং শিক্ষার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ একাধিক অভিযোগে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে।
এদিকে অভিযোগ প্রসঙ্গে মাহমুদ ও নাজিম বলেন, এটুকুই বলব আমাদের সাথে অন্যায় করা হয়েছে। যা মানার মতো নয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
