নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ও অবিলম্বে জাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। রাজনৈতিক ছাত্র-সংগঠনের নেতা-কর্মীদের কাছে হয়রানির শিকার হতে হয় সাধারণ শিক্ষার্থীদের। তাই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রাজনীতির পুনরাবৃত্তি চাই না।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের শিক্ষার্থী ফারহানা ফারিনা মানববন্ধনে বলেন, আজকে যদি রাজনৈতিক সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় করতে পারত, অধিকার নিয়ে কথা বলতে পারত, ক্যাম্পাসের সহিংসতা বন্ধ করতে পারত তাহলে আমরা কখনোই চাইতাম না ছাত্র রাজনীতি বন্ধ হোক। আমরা দেখেছি রাজনৈতিক সংগঠনগুলো নিপীড়ন বন্ধ করতে এসে তারাই নিপীড়নের মূল হোতা হয়ে যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) চালুর দাবি জানিয়েছেন।
রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে যা দেখাতে পারেনি সাধারণ শিক্ষার্থীরা তা এক মাসে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন করিনি। ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কিছুই দিতে পারেনি। শিক্ষক রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি উপহার দিয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশীদ জিতু বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার শাসন থেকে এদেশকে মুক্ত করেছি। আজকে যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এসেছেন বা ভবিষ্যতে যারা আসবেন তারা ছাত্রদের চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিয়ে যদি নিজেদের গদি বাঁচানো জন্য দলীয় কোনো নির্দিষ্ট ছাত্রদের সঙ্গে নিয়ে চলেন তার পরিণাম জাহাঙ্গীরনগরে ভালো হবে না।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
