এইমাত্র পাওয়া

‘মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে’

খাগড়াছড়িঃ শেখ হাসিনার শাসনামলে প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

শনিবার দুপুরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।

ওয়াদুদ ভূইয়া বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাঁর শাসনামলে মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষায় প্রশ্ন টাকার বিনিময়ে বেঁচাকেনা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছিল।’

‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। এখন বৈষম্যের দিন শেষ। ছাত্ররাই দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যই বাংলায় ঠাঁই হবে না।’ যোগ করেন জেলা বিএনপি সভাপতি।

খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, জেলা যুব দলের সভাপতি মাহাবুব আলম সবুজ প্রমুখ। এসময় জেলার ৯ উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.