নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ৪০টিরও অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে দেশে ৫০টির অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪০টিরও অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য। এসব বিশ্ববিদ্যালয়ে দ্রুত সম্ভব আমাদের চেঞ্জ করতে হবে। এটা একটা সুযোগও আমি মনে করবো। আমরা চাইবো, এতোগুলো বিশ্ববিদ্যালয়ে সত্যিকারের শিক্ষানুরাগী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি আসুক। তাদের শিক্ষাগত ও প্রশাসনিক যোগ্যতা থাকতে হবে। এতোদিন এই জায়গাটায় আমাদের অবমূল্যায়ন হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নতুন নিয়োগ নিয়ে তিনি বলেন, আমার চেষ্টা করবো ৪০টির অধিক বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তারমধ্যে অন্তত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পদায়নগুলো অতিদ্রুত করবো।
এসময় তিনি বলেন, নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয়। তবে যে শিক্ষার্থীরা ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে নয়, পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবার পরিকল্পনা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষায় বেহাল অবস্থা চলছে। রাজনীতিকরণ, দুর্নীতিকরণ হয়েছে। ৪০টি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। যোগ্য ব্যক্তিদের দিয়ে স্থান পূরণ করা হবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাঙ্গনকে সব দলীয় করণ থেকে বের করে আনা হবে। যতদূর পারি বাধা সৃষ্টি না করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবো।
তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানবসম্পদের উন্নয়ন না হয়, তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
