নিজস্ব প্রতিবেদক।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের দারুল উলুম মাদ্রাসার সমন্বয়ক আদনান শরীফ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর চকবাজার থানার ডিসি কফিল উদ্দীন জামে মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার। তিনি বলেন, আদনান শরীফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে আছেন।
পাচঁলাইশ থানার এসআই ইমাম হোসেন জানান, গত ১৬ জুলাই নগরীর মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আদনান শরীফ জড়িত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে। এ জন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে।
আদনান শরীফের বাবা নুরুল হক জানান, রাতে পুলিশ এসে বাসা থেকে ছেলেকে ধরে নিয়ে যায়। আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। পরিবারের সঙ্গে বাসায় ছিল। বুধবার দিবাগত রাতে পুলিশ কেন নিয়ে গেল বুঝতে পারছি না।
শিক্ষাবার্তা ডট কম/এ/০২/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
