এইমাত্র পাওয়া

‘গণগ্রেফতার’ বন্ধের আহ্বান অ্যামনেস্টির

ঢাকাঃ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়।

সোমবার বাংলাদেশে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট এক্সে একটি পোস্ট করেছে সংগঠনটি। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণগ্রেফতার বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরকে উদ্ধৃত করে সংগঠনটি বলেছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গ্রেফতারের পর অনেকেরই এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এমন শিক্ষার্থীদেরও আটকের খবর পাওয়া গেছে। শনিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেন, সারাদেশে কমপক্ষে সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে ছাত্র এবং বিরোধী সদস্যদের গ্রেফতারে বেপরোয়া অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। কেননা শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, আন্দোলনকে কেন্দ্র যারা সহিংস আচরণ করেছে তাদের খুঁজে বের করতে এই অভিযান পরিচালনা করছে তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.