নিজস্ব প্রতিবেদক, কুবি: কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নীরব থাকায় ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। শুক্রবার (১২ জুলাই) এই বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন তারা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান আন্দোলনকারীরা।
পরে সেখান থেকে ফিরে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার স্থানটিতে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাব।’
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নীরব ভূমিকার কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়টিকে ছাত্র আন্দোলন চত্বর হিসেবে নামকরণ করেন তারা।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে বের হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। তবে মহাসড়কে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এ ঘটনায় পুলিশ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোটা সংস্কার দাবি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শতাধিক শিক্ষার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল