শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: শিক্ষা এখনও আমাদের মৌলিক অধিকার হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আক্ষেপ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, বহুদিন বহুবার বহু জায়গাতে বলেছি, আমাদের শিক্ষা আমাদের মৌলিক অধিকার এখনও নয়। আমাদের সংবিধানে রাষ্ট্রনীতিতে শিক্ষার কথা বলা আছে। নুরুল ইসলাম শিক্ষামন্ত্রী থাকাকালে একটি অনুষ্ঠানে তাকেসহ একাধিকবার অনেককে বলেছি, আমাদের দেশের শিশুদের পাঠ্যপুস্তকে সংবিধান সম্পর্কে একটি অধ্যায় থাকতে পারে। ভারতেও বছরে অন্তত একদিন সংবিধান পড়ানো হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অসংক্রামক ব্যাধির সচেতনতা এবং সিপিআর (কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইডিপিডি ফাউন্ডেশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।
সিপিআর প্রসঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এখন সকল রোগের চিকিৎসা মানুষ দেশেই নিতে পারছে। কিন্তু এই সফল চিত্রের পাশাপাশি এখনও দেশে সচেতনতার অভাবে অনেক মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সঠিক জ্ঞানের অভাবে সঠিক চিকিৎসা নিতে না পেরে অনেকেই অকাল মৃত্যুবরণ করছেন।
‘অনেক ক্ষেত্রেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া একজন মানুষকে প্রাথমিক অবস্থায় কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, অথবা তার সেই সংকটময় মুহূর্ত কাটিয়ে ওঠার জন্য ব্যবস্থাপনা কী হবে, এই বিষয়ে তার আশেপাশের মানুষদের কোনও ধারণা থাকে না। এ কারণে অনেককেই অকাল মৃত্যুবরণ করতে হয়। কিন্তু আমি নিশ্চিত এখানে আমরা অধিকাংশই সিপিআরের সঠিক নিয়মকানুন জানি না। এমনকি আমি নিজেও জানি না। তিনি বলেন, তাহলে খেয়াল করে দেখুন, এত বড় একটা সুধীজন সমাবেশে আমরা সবাই একটা মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে যাবো যদি এখানে কারও কার্ডিয়াক অ্যারেস্ট হয়।’
প্রধান বিচারপতি বলেন, সিপিআর কিংবা এই ধরনের জীবনরক্ষাকারী সাধারণ স্কিলগুলো আয়ত্ত একধরণের নাগরিক দায়িত্ব। এ কারণেই উন্নত দেশগুলোতে শিশুদেরকে স্কুলেই অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের দেশেও সিপিআর প্রশিক্ষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় কিনা, এ বিষয়ে উদ্যোগ নিতে অনুষ্ঠানে উপস্থিত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলীকে অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও আইডিপিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী অসংক্রামক ব্যাধির ওপর সচেতনতামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও আইডিপিডি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. মোহসিন আহমেদ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
