জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের স্বর্ণপদক অর্জন

নিজস্ব প্রতিবেদক, জবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের স্বর্ণপদক (২০২৩) অর্জন করেছেন। দুই অধ্যাপকের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

বৃহস্পতিবার (৪ জুলাই) জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন ও অধ্যাপক ড. মো. এনামুল হক এ স্বর্ণপদক অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এই পদক তাদেরকে বিজ্ঞান বিষয়ে শিক্ষা ও গবেষণায় আরো বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

উপাচার্য তার অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন ও অধ্যাপক ড. মো. এনামুল হকের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

প্রসঙ্গত, অধ্যাপক শাহাদাত হোসেন জীববিজ্ঞান বিষয়ে এবং অধ্যাপক এনামুল হক ভৌত বিজ্ঞান বিষয়ে গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য সিনিয়র গ্রুপে এই পদক অর্জন করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.