এইমাত্র পাওয়া

পিতৃত্বকালীন ছুটি চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইশরাত হাসান বলেন, পিতৃত্বকালীন ছুটি নীতিমালা সংবিধানের ৭, ২৭, ২৮, ২৯, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদনে বলা হয়, নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য, এই ধারণার পরিবর্তন হয়েছে। বাবার ভূমিকাও দিন দিন বাড়ছে। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ততম শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেয়ার সুযোগ সীমিত। এছাড়া সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার আমাদের দেশে অনেক বেশি। এই অপারেশনের পর সুস্থ হতে মায়ের সময় দরকার হয়। এ সময় নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন। পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায়, যারা নতুন বাবা হন তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা কষ্টসাধ্য হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারত, ভুটান, পাকিস্তান, শ্রীলংকাসহ বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.