জাবির বাজেটে উপেক্ষিত স্বাস্থ্যখাত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। তবে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪৫ লাখ টাকা, যা মোট বাজেটের এক শতাংশেরও কম।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বাজেট উপস্থাপন করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৭৯ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৩৯ কোটি টাকা ৩২ লাখ টাকা আয় হবে।

অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ৩১৮ কোটি ৭৩ লাখ টাকা। এ বছর সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ১৯ কোটি ৯৬ লাখ টাকা।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৪৫ শতাংশ। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৮৯ কোটি ৮৭ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ দশমিক ৫৫ শতাংশ। পেনশন ও অবসরকালীন সুবিধা বাবদ বরাদ্দ ৩১ কোটি ৯০ লাখ টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৮৪ শতাংশ শতাংশ। পণ্য ও সেবা (সাধারণ আনুষাঙ্গিক) ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৪৮ লাখ টাকা, যা মোট বাজেটের ২২ দশমিক ৬০ শতাংশ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৬ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ৬৪ শতাংশ।

এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪৫ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৫ শতাংশ। যন্ত্রপাতি খাতের ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৭৩ শতাংশ। যানবাহন কেনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৬ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৩ শতাংশ। অন্যান্য ও মূলধন জাতীয় বরাদ্দ ১ কোটি ৬৫ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ৫৬ শতাংশ এবং অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২৩ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৪৪ শতাংশ।

অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান, সিনেটের শিক্ষক প্রতিনিধি ও রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধিরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.