প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নাই: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেছেন, দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডের অপরিসীম গুরুত্ব রয়েছে। রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ইন্টারভেনশন বা সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশন এর মাধ্যমে ব্যথা নিরাময়ে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নাই।

শনিবার (২৯ জুন) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে মানবদেহের দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ের লক্ষ্যে রিউমাটোলজি বিষয়ক ৭তম ইন্টারন্যাশানাল মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড কোর্সের উদ্বোধন করে উপাচার্য এসব কথা বলেন। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ ও বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীন মো. নূরুল হক বলেন, চিকিৎসা বিজ্ঞানে রিউমাটোলজি একটি গুরুত্বপূর্ণ ও বৃহত্তর বিষয়। রিউমাটোলজি সংক্রান্ত রোগের চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচ বিশেষ ভূমিকা রাখতে পারে। মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড শরীরের মাংসপেশি লিগামেন্ট, জয়েন্ট ও স্নায়ুর সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমউর রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির উপ-মহাসচিব অধ্যাপক ডা. মো. আবু শাহীন। আর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিউমাটোলজি সোসাইটির মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান। এছাড়াও আন্তর্জাতিক এই অনুষ্ঠানে দেশি বিদেশী রিউমাটোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.