গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে দাখিল পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার তাকে বরখাস্ত করা হয়েছে বলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের জাংগালপাড়া গ্রামের আমতাজ উদ্দিনের ছেলে মো. নুরুন নবী মণ্ডল মিলন পার্শ্ববর্তী সাপমারা ইউনিয়নের ‘সাপমারা দাখিল মাদ্রাসায়’ সহকারী শিক্ষক পদে চাকরি করেন। শিক্ষকতার সুবাদে ওই প্রতিষ্ঠানের দাখিল শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান শিক্ষক নুরুন নবী। এ ঘটনায় এলাকাসহ প্রতিষ্ঠানে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক নুরুন নবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষক নুরুন নবীর সংসারে অনার্স পড়ুয়া ছেলে সহ তিন ছেলে রয়েছে বলে জানা গেছে। তার এমন কাজে তার পরিবারের সদস্যরা লজ্জিত বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, মেয়েটি এবারে দাখিল পরীক্ষার্থী ছিল। এমনিতেই বিভিন্ন কারণে অভিভাবকরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে চান না। এরপর শিক্ষক দ্বারা যদি এমন ঘটনা ঘটে তাহলে একজনের কারণে পুরো শিক্ষক সমাজকে হেয় হতে হয়। বিষয়টি নিয়ে আমরাও লজ্জিত এবং বিব্রত।
মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আগে কেউ টের পায়নি। বৃহস্পতিবার ওই শিক্ষক মাদ্রাসায় না আসায় বিষয়টি জানাজানি হয়। এরপর আমরাও জেনেছি। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ জানান, প্রতিষ্ঠান প্রধানকে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
