তিন বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ জুন) সকালে এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বাতাস বইলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিভাব বিরাজ করছে। কয়েক মিনিট হাঁটলেই ঘাম পড়ছে শরীর থেকে।

সোমবার রাতে দেওয়া আবহাওয়া সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, তাপপ্রবাহ আগামীকালও থাকতে পারে। তবে এর বিস্তৃতি অনেকটা কমে আসতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বাতাস থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি কমছে না। আজ রাজধানীতে কিছুটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.