চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩০ জুন। ডোপ টেস্টের মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও সে সংক্রান্ত কোনো কার্যক্রম দেখা যায়নি।
জানা গেছে, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গত ৫ মে চবি উপাচার্য অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডোপ টেস্টের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। ফলাফল পজিটিভ এলে উক্ত শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে অপারগ হবেন।
কিন্তু কোনোরকম ডোপ টেস্ট ছাড়াই নবীনদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী জানান, ভর্তির আগেই শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হলে এবং ফলাফল পজিটিভ এলে এটি তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবে না। তাই প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষার আগে ডোপ টেস্ট করানো হবে। যদি পজিটিভ আসে তাহলে তাকে মাদকমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শুরুতে ডোপ টেস্টের পুরো প্রক্রিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধীনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। সব শিক্ষার্থীকে তাদের রক্ত অথবা ইউরিনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে জমা দিতে হবে এবং পরীক্ষার ফলাফল প্রশাসনের কাছে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৬/৩০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
