দুর্নীতি দূর করলেই শিক্ষা আদর্শনীয় হবে: ভিসি মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের সুষম সমাজ প্রতিষ্ঠা পেলে সুশিক্ষার সমাজ গড়ে উঠবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, সমাজ কাঠামো নানাভাবে বিভক্ত, এর উত্তরণ সহজ নয়। শিক্ষাকে যদি প্রকৃত অর্থেই সবার জন্য গ্রহণযোগ্য ও আদর্শনীয় করে তুলতে হয় তার জন্য সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম, লুটপাট দূর করতে হবে। অন্যথায় এটি খুব কঠিন হবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সুধী সমাজ ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সাংবাদিক কল্যাণ সংস্থা এই সভার আয়োজন করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষা বহুমুখী ও বহুধা বিভক্ত হয়ে উঠেছে। শিক্ষা বহুমুখী হতে পারে কিন্তু যখন বহুধা বিভক্ত হয় তখনই শিক্ষার্থীর মানসপটে ভিন্ন ভিন্ন চরিত্র ও ভিন্ন ভিন্ন ব্যবস্থা গঠন হয়। পঠন-পাঠনের প্রক্রিয়া, কোন পদ্ধতিতে পড়াব তার আগে গভীরভাবে ভাবা প্রয়োজন ছিল- কোন রকমের শিক্ষায়তনের মধ্যে সবাইকে একসঙ্গে আনব।

সংগঠনের সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, ডিআরইউ সভাপতি শুক্কুর আলী শুভ, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ঢাকা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৬/৩০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.