নোয়াখালী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের (আমাউমেক) নতুন অধ্যক্ষ হিসেবে কলেজটির মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে তিনি চুক্তিভিত্তিক নিয়োগকৃত অধ্যক্ষ ডা. আবদুস ছালামের স্থলাভিষিক্ত হয়েছেন।

রবিবার (৯ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব শারমিন ইয়াসমিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. সৈয়দ জাকির হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। সোমবার (১০ জুন) পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এরআগে অধ্যক্ষ ডা. আবদুস ছালামের বিরুদ্ধে মেডিকেল কলেজের ছয়টি কক্ষের সিলিং তৈরিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠে। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪২ লাখ টাকার কাজের বিপরীতে সাড়ে ১১ কোটি টাকা তুলে নেয়ার ঘটনার সত্যতা পায়। তদন্ত শেষে অধ্যক্ষ ডা. মো. আবদুস ছালামসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দেয় দুদক।

এর আগে অধ্যক্ষ ডা. মো. আবদুস ছালাম ২০০৯ সালের ১৫ অক্টোবর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রথম যোগদান করেন। পরে ২০১৬ সালে মানিকগঞ্জ জেলার কর্ণেল মালেক মেডিকেল কলেজে বদলী হওয়ার পর আবারো ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর তিনি আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

তবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শেষে মো. আবদুস ছালামের বিরুদ্ধে মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দেয় দুদক। পরে তাকে দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তিনি ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে মেয়াদ শেষ করার অনুমতি পান। এরই ধারাবাহিকতায় মেয়াদ শেষে তার স্থলাভিষিক্ত হলেন ডা. সৈয়দ জাকির হোসেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.