নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালককে বদলি করা হয়েছে। অধিদপ্তরের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীকে রাজধানীর বিজ্ঞান কলেজে বদলি করা হয়েছে।
বুধবার (৫ জুন) তাকে বদলির আদেশ দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৬ জুন) সেটি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন।
শিক্ষা ক্যাডারে চাউর রয়েছে, এই ক্যাডারে শাহেদুল খবিরের চেয়ে বড় প্রভাবশালী কর্মকর্তা দ্বিতীয়জন কেউ নেই। তিনি বর্তমানে শিক্ষা ক্যাডারের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির বর্তমান সভাপতি। আগামী ৯ জুন এ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে তিনি ফের সভাপতি প্রার্থী। নির্বাচনে ঠিক তিনদিন আগে তাকে বদলি করায় সবাই এটি নিয়ে কানাঘুষা করছেন। তবে ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে, এ ব্যাপারে কেউ অফিসিয়াল বক্তব্য দিতে রাজি হননি।
শাহেদুল খবির চৌধুরী সর্বশেষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হওয়ার দৌড়ে ছিলেন।
শাহেদুল খবির চৌধুরী বর্তমান সরকারের শুরু থেকে অর্থাৎ, ২০০৯ সাল থেকে ঢাকা শিক্ষা বোর্ড এবং মাউশি অধিদপ্তরে চাকরি করছেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ডে স্কুল পরিদর্শক, পরে সচিব ছিলেন। ২০১৯ সালে তিনি মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন পান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
