কলেজ ভর্তিতে ১০ দিনে ১২ লাখ আবেদন

ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির জন্য ১০ দিনে ১২ লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। তারা ৫৫ লাখ ৫৫ হাজার ২৫৪ ইএসভিজি চয়েজ (কলেজ পছন্দ) দাখিল করেছেন। এর মধ্যে পেমেন্ট সম্পন্ন করেছেন ১০ লাখ ৫ হাজার ৪৫৮ আবেদনকারী।

ঢাকা শিক্ষা বোর্ড ও একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে সোমবার (৩ জুন) রাত ১০টা পর্যন্ত আবেদন করেছেন ১০ লাখ ১৮ হাজার ৭৫০ জন। মঙ্গলবারের তথ্য এখনো হাতে আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে একদিনে আরও এক লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে আবেদনের সংখ্যা ১২ লাখের বেশি।

সংশ্লিষ্টরা জানান, তিন ধাপের ভর্তির মধ্যে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া ১১ জুন পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে পেমেন্ট করতে পারছিল না। তারা এখন আবেদনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত হতে পারবে তার পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।

শিক্ষা বোর্ড জানিয়েছে, আবেদন করার সুবিধার্থে ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে পারছে ভর্তিচ্ছুরা। সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পর নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.