নিজস্ব প্রতিবেদক।।
নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৬ দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতি এ কর্মসূচির আয়োজন করে। দাবি আদায় না হলে আগামী ঈদের পর আন্দোলনরত সব সংগঠন নিয়ে মহাসমাবেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সমিতির মহাসচিব ছালজার রহমানের সঞ্চালনায় সভাপতি লুতফুর রহমান বলেন, ‘অবিলম্বে সরকারের প্রদেয় অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ বিশেষ সুবিধা ৩০ শতাংশে উন্নীত করা এবং নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবি জানাই।’
বক্তারা বলেন, গত দশ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন।
কর্মচারীদের অন্য দাবি হলো- মূল বেতনের শতভাগ বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষাসহায়ক ভাতা বাড়ানো, স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা এবং আগের মতো শতভাগ পেনশন চালু; টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল; সচিবালয় ও সচিবালয়ের বাইরের সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন এবং সব ডিপ্লোমাধারীকে দশম গ্রেড প্রদান করা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/৩১/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
