সিরাজগঞ্জ: জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের গোয়ালবাথান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৪ পদে জনবল নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের স্বার্থে প্রতিকার চেয়ে গত সপ্তাহের বৃহস্পতিবার গোয়ালবাথান গ্রামের অন্তত ২০ জন বিদ্যানুরাগী ব্যক্তি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। সম্প্রতি গোপনে তারা ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে অফিস সহকারী কাম হিসাব রক্ষক পদে মাসুদ রানা, অফিস সহায়ক পদে জুয়েল রানা, আয়া পদে সোনিয়া খাতুন ও নৈশপ্রহরী পদে আলমগীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়। ব্যাপক অর্থের বিনিময়ে গোপনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অভিযোগ পত্রে ১ নম্বর ক্রমিকে স্বাক্ষর করা চরাঞ্চলের গোয়ালবাথান গ্রামের লুৎফর রহমান জানান, প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত স্কুলের ভালোমন্দ সবকিছুর সঙ্গে গ্রামবাসীর সবসময় যুক্ত আছে। নজরুল ও সাত্তার মোটা অঙ্কের টাকার লোভে কাউকে কিছু না জানিয়ে গোপনে জুয়েল রানাকে (নজরুলের চাচাত ভাই) অফিস সহায়ক পদে এবং ভাতিজা আলমগীরকে নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছে।
নিশ্চিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালবাথান গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মল্লিক জানান, নজরুল সবার অগোচরে এই কাজ করেছে। নিয়োগপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী গ্রন্থাগারিক পদে কাকলী ছন্দা প্রধান শিক্ষকের চাচাত বোন। অর্থ বাণিজ্য এবং স্বজনপ্রীতি প্রতিষ্ঠানের জন্য শুভকর নয় বলেও জানান তারা।
গোয়ালবাথান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রচলিত বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের একজন ছাড়া বাকি সবাই প্রতিষ্ঠানে জমি দাতা পরিবারের সদস্য। বিদ্যালয়ের স্বার্থে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের বক্তব্য পাওয়া যায়নি।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষককে প্রয়োজনীয় কাগজপত্রসহ আসতে বলা হয়েছে। অসংগতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
