চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র মাধ্যম শাটল ট্রেন। শাটলে পাওয়ার কার না থাকায় তীব্র গরমে ট্রেনে যাতায়াত করা অসহনীয় হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চবি শাটলে যুক্ত হচ্ছে পাওয়ার কার।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চবি প্রক্টরিয়াল বডির সঙ্গে এক সাক্ষাৎকালে এমন নিশ্চয়তা দেন রেলওয়ে (পূর্বাঞ্চল) এর জিএম।
বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, আজ সকাল সাড়ে এগারোটায় রেলওয়ের সাথে বৈঠক করেছি। তারা পাওয়ার কার দেওয়ার জন্য সম্মত হয়েছে। তবে একটু সময় লাগবে। আশা করি আগামী দুই এক মাসের মধ্যে ১টি ট্রেনে পাওয়ার কার যুক্ত করা হবে।
নতুন ট্রেন সিডিউল সম্পর্কে তিনি বলেন, সময় স্বল্পতার কারণে নতুন করে সিডিউল বাড়ানো সম্ভব না। কারণ ক্যাম্পাস থেকে শহরের বটতলী পর্যন্ত ট্রেন চলাচলে বেশি সময় লাগে। তাই সিডিউল বাড়ানো যাবেনা।
নতুন ট্রেন যুক্ত করার বিষয়ে তিনি বলেন, রেলওয়ের জিএম জানিয়েছেন নতুন ট্রেন দেওয়ার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের অন্তর্ভুক্ত। যদি প্রধানমন্ত্রী চান তাহলে একটা নতুন ট্রেন দিতে পারেন।
রেলওয়ে (পূর্বাঞ্চল) জিএম এর সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
