জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দীর্ঘ ৮ বছর পর ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শিক্ষকদের ভোটে আগামী দুই বছরের জন্য চার অনুষদে চারজন ও দুই অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুইজনসহ মোট ছয়জন নতুন ডিন নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত ডিনদের মধ্যে-কলা ও মানবিক অনুষদে অধ্যাপক মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক বশির আহমেদ, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক ন হু আলম, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে অধ্যাপক আব্দুর রব। এছাড়াও প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় এর আগে আইন অনুষদে সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও ব্যবসায় শিক্ষা অনুষদে অধ্যাপক নিগার সুলতানা বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন।
বুধবার (১৫ মে) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ টি অনুষদে মোট ৫২৩ জন ভোটারের মধ্যে ৫০৫ জন ভোট প্রদান করেন। বিকেল ৪টায় নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মনোনীত প্রার্থীদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত ২ জনসহ সমাজবিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের বিজয়ীরা উপাচার্যপন্থী বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়া শিক্ষক ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীদের মধ্যে বিএনপিপন্থী শিক্ষক আব্দুর রব গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে এবং কলা ও মানবিকী অনুষদে অধ্যাপক মোজাম্মেল হক বিজয়ী হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্বাচিত ডিনদের মেয়াদ দুই বছর থাকলেও ২০১৬ সালের পর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

