হাবিবুল হাসান রিজভী।।
মোছা. হাসিনা বানু (৭৫)। একজন সংগ্রামী মা। তার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে সমাজের নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে। তবে সবকিছু ছাপিয়ে এখন তার বড় পরিচয় তিনি একজন সফল রত্নাগর্ভা মা। দুই সন্তানকে উচ্চ শিক্ষিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বড় ছেলে আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক এবং মেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ আমিনা পারভীন। চার বছর চার মাসের মাথায় বর আশরাফের মৃত্যুর মধ্য দিয়ে তাদের বিবাহিত জীবনের ইতি ঘটে। এর পরপরই হাসিনার বানুর কাঁধে উঠে আসে সংসারের সব দায়িত্ব। দুই সন্তানের কেউই তখনও কোল ছেড়ে নামেনি। একজনের বয়স সাত দিন, অন্যটির বয়স দুই বছর।
মোছা. হাসিনা বানু জানান, বাবার অর্থনৈতিক অবস্থা ছিল ভালো বলে সন্তানদের নিয়ে অর্থনৈতিক কষ্ট কম হয়েছে। তবে দুই ছেলেমেয়েকে মানুষ করার ক্ষেত্রে সবসময় সঙ্গী ছিল দীর্ঘ সংগ্রাম। মনে জেদ ছিল যেকোনো মূল্যে ছেলেমেয়েকে উচ্চ শিক্ষিত করব। কেউ যেন বলতে না পারে আমি নিজে বেশি লেখাপড়া করিনি বলে আমার দুই সন্তান কীভাবে লেখা করবে। আমি আমার জেদকে বাস্তবে রূপ দিয়েছি শুধু আমার দুই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার মাধ্যমে। মাকে নিয়ে অধ্যাপক আমিনা পারভীন বলেন, আজ আমি যে পর্যন্ত এসেছি তার পুরোটাই আমার ময়ের অবদান। মায়ের কাছ থেকে শিখেছি, নারীর ক্ষমতায়ন নিজের ঘর থেকেই শুরু হয় এবং নারীর ক্ষমতায়নের প্রথম সোপান আমাদের মায়েরাই।
শিবা/জামান/১৫/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
