জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। উচ্চমানের গবেষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে।
মঙ্গলবার (১৪ মে) উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল কর্তৃক আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে উৎসাহিত করতে হবে। যারা গবেষণা করেন তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে আমাদের। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা গবেষণা ও উচ্চশিক্ষার জন্য বিদেশ যায় তাদের জন্য এ ধরনের গবেষণা কর্মশালা খুবই কার্যকরী।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ।
বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ড. মমতা বি চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন। পাশাপাশি গবেষণা কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, তরুণ শিক্ষকদের গবেষণায় আগ্রহ বাড়াতে এবং এর কলাকৌশল সম্পর্কে আরও বেশি ত্বরান্বিত করতে এ আয়োজন। গবেষণা কেন্দ্রীক এ ধরনের আয়োজন শিক্ষকদের সমৃদ্ধ করবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
