ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তিসহ ভর্তি করাবে জাবি

জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ ভর্তি করানো হবে বলে জানিয়েছেন জাবির জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মহিউদ্দিন। তিনি জানান, জাবি কর্তৃপক্ষ ফিলিস্তিনের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ দিতে আগ্রহী।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে বারোটায় ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের উপ-প্রধান জিয়াদ এম. এইচ. হামাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. মহিউদ্দিন। সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এছাড়াও তিনি আগামী শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ইচ্ছ‍া ব্যক্ত করেন।

জাবি কর্তৃপক্ষের এ আগ্রহের জন্য জিয়াদ এম. এইচ. হামাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে বেলা সাড়ে এগারোটায় ড. মহিউদ্দিন ঢাকাস্থ নেপাল দূতাবাসের উপ-প্রধান ললিতা সিলওয়ালের সাঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেপাল দূতাবাস অফিসের উপ-প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিনকে স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা দুই দেশের দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ড. মহিউদ্দিন জানান, ২০২৪ সালে টাইম হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে শিক্ষা ও গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যুগ্মভাবে প্রথম এবং ২০২৩ সালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এ বিশ্ববিদ্যালয় স্থান লাভ করেছে। সম্পূর্ণ আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে নেপালী শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগ্রহ ব্যক্ত করেন।

নেপাল দূতাবাস অফিসের উপ-প্রধান ললিতা সিলওয়াল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উচ্চ মানের কথা জেনে নেপালী শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে গভীর আগ্রহ ব্যক্ত করেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শীঘ্রই ঢাকাস্থ নেপাল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রশাসনিক অফিসার ফরহাদ রহমান সরকার, রিপোর্টার হাফিজুর রহমান, প্যালেস্টাইন দূতাবাস অফিসের প্রধান প্রশাসনিক অফিসার আফিয়া ইবনাত উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.