এসএসসি: তিন নারী জনপ্রতিনিধির পাস করেছেন দুজন

নাটোরঃ জেলার বাগাতিপাড়ায় এবারের এসএসসি পরীক্ষায় একই কেন্দ্রে অংশ নেওয়া সাবেক-বর্তমান তিন নারী জনপ্রতিনিধির মধ্যে দুইজন পাস করেছেন। বয়স আর লোকলজ্জাকে উপেক্ষা করে তারা এবারে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পাস করা দুই নারী জনপ্রতিনিধি হলেন- পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিলা খাতুন এবং একই ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন। পাশের খবরে উচ্ছ্বসিত তারা।

তবে পরীক্ষার এ লড়াইয়ে পাস করতে পারেননি বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম।

শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিলা খাতুন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেড থেকে জিপিএ ৪ দশমিক ২৯ এবং শাহানাজ পারভীন একই ট্রেড থেকে জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে এবারে এসএসসি পাস করেছেন। তারা সবাই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনষ্টিটিউটের কারিগরি শাখার শিক্ষার্থী ছিলেন।

ইউপি সদস্য শিলা খাতুন (৩৬) জানান, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ায় লেখাপড়ার করার আক্ষেপটা রয়ে যায়।

ভোটে বিজয়ের পর স্বামীর অনুপ্রেরণায় তিনি আবার লেখা পড়া শুরু করেন। অবশেষে এবারএসএসসি পাস করায় তিনি আনন্দিত। তবে তিনি লেখাপড়া চালিয়ে যেতে চান।

সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন (৩৯) বলেন, অল্প বয়সে বিয়ে দেয় তার পরিবার।

পড়াশোনা চালিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা থেকেই দীর্ঘসময় পর কারিগরি শাখায় ভর্তি হয়েছিলেন। এসএসসি পাস করায় তিনি সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া চান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, বয়সের বাধাকে উপেক্ষা করে পরীক্ষায় অংশ নিয়ে দুই নারী জনপ্রতিনিধির পাস করায় তাদের অভিনন্দন জানান। তাছাড়াও যিনি পাস করতে পারেননি, তিনিও যাতে আগামী বছর পাস করতে পারেন তার জন্য শুভ কামনা জানান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.