এইমাত্র পাওয়া

আলাদা গণবিজ্ঞপ্তি চান ইনডেক্সধারী এমপিওভুক্ত শিক্ষকরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এসব  শিক্ষকরা।

বুধবার (০৮ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত শিক্ষকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষকরা জানান, নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি করতে হচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজের চলাই মুশকিল। সেখানে পরিবার নিয়ে বাঁচা কতটা কষ্টসাধ্য তা কেবল ভুক্তভোগীরাই জানেন।

তারা বলেন, যে কোনো শর্ত দিয়ে হলেও আমরা প্রতিষ্ঠান পরিবর্তন করে নিজ উপজেলায় যেতে চাই। পরিবার ছেড়ে এত দূরে চাকরি করা দূর্বিষহ হয়ে পড়েছে। বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। এখন ইনডেক্সধারীদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি অথবা আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

এদিকে কর্মসূচি শুরুর আগে ইনডেক্সধারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমানের সঙ্গে দেখা করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.