গাজীপুরঃ জেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভেতরে ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে শনিবার (৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন (১৮) গাজীপুর মহানগরীর বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের ছাত্র ও কুড়িগ্রামের রাজারহাট থানার বড় চতুরা গ্রামের একতার আলীর ছেলে। পরিবারের সঙ্গে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার বর্ষা সিনেমা হলের পেছনে নূর চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন জানান, এদিন দুপুরে আল আমিন তাঁর ছোট ভাই আতিকুর রহমান ও খালাতো ভাই শাকিল আহমেদসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতর ঘুরতে যায়। ইক্ষু গবেষণা কেন্দ্রের কাছে গেলে চার থেকে পাঁচজন ছিনতাইকারী প্রথমে তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তারা সঙ্গে যা আছে বের করে দিতে বলে। দিতে না চাইলে ছিনতাইকারীরা আল আমিনের মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি বাধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরপর খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায় তারা।
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, শনিবার দুপুর ১২টার দিকে আল আমিন, তাঁর খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও তিনি ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে ও ছবি তুলতে যান। সেখানে তারা ছিনতাইকারীর কবলে পড়েন।
এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়। তাঁকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, আল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
