নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘ প্রায় ২০ বছর পর আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) শাখার সম্মেলন হওয়ার ছয় দিনের মাথায় আবার বিভক্ত হয়ে পড়েছেন চিকিৎসক নেতারা। গত ২২ এপ্রিল স্বাচিপ ও বিএমএ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে চট্টগ্রামে স্বাচিপের ওই দুই শাখা কমিটির সম্মেলন হয়।
সম্মেলনের আগে দীর্ঘদিন ধরে বিভক্ত থাকা চিকিৎসক সংগঠনটির বিবদমান দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে সম্মেলন করার ছয় দিনের মাথায় গত ২৭ এপ্রিল এক পক্ষ আরেক পক্ষকে না জানিয়ে স্বাচিপের নামে বৈঠক করেছে।
এ নিয়ে সরকার সমর্থিত চিকিৎসকদের দলাদলি আবার প্রকাশ্যে এসেছে।
স্বাচিপ নেতারা জানান, গত ২২ এপ্রিল চমেক শাহ আলম বীর-উত্তম মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় অধিবেশনে দুই শাখার নতুন কমিটির নেতৃত্ব (সভাপতি ও সাধারণ সম্পাদক) নির্বাচন পর্বে একাধিক প্রার্থীর নাম আসায় সম্মেলনস্থলে আর নেতৃত্ব নির্বাচন হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাঁদের নাম এসেছে, কেন্দ্রীয় নেতারা তাঁদের তালিকা কেন্দ্রে নিয়ে যায়। কেন্দ্র থেকে যেকোনো সময় নতুন কমিটি দেওয়ার কথা।
বহুপ্রতীক্ষিত চিকিৎসকদের ওই সম্মেলনের পর গত শনিবার চমেক সম্মেলনকক্ষে স্বাচিপের সাবেক নেতা, বিএমএ চট্টগ্রাম শাখার কয়েকজন নেতা এবং নতুন কমিটির পদপ্রত্যাশীদের মধ্যে কয়েকজনের উপস্থিতিতে একটি সভা করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই সভায় স্বাচিপের একাংশকে ডাকা হয়নি। তারা বিষয়টি কেন্দ্রকে অবহিত করেছে বলে নেতারা জানান। জানতে চাইলে সদ্য বিলুপ্ত স্বাচিপ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও বিএমএ সাবেক সভাপতি ডা. শেখ শফিউল আজম বলেন, ‘দীর্ঘদিন পর সবাই এক হয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আমরা একটি সফল সম্মেলন করেছি।
সপ্তাহ দুয়েকের মধ্যে কেন্দ্র থেকে নতুন কমিটি দিতে পারে। কিন্তু গত ২৭ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজে স্বাচিপের নামে যে সভা করা হয়েছে, তাতে আমাদের ডাকা হয়নি। স্বাচিপের কমিটি এখন বিলুপ্ত। তাদের এই সভা করা ঠিক হয়নি। এতে নতুন করে বিভক্তি দেখা দিতে পারে।
একই বিষয়ে চমেক হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন শাহীন বলেন, ‘মেডিক্যালে আমরা স্বাচিপের ব্যানারে কোনো সভা করিনি। অফিস সময়ের পর আমরা বসেছিলাম। কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা এবং চমেক শাখার নতুন দুটি কমিটি দেওয়া হবে। কেন্দ্রীয় নেতাদের কাছে পদপ্রত্যাশীদের নামের তালিকা আছে। শুনেছি, নেতৃত্ব নির্বাচনে উনারা যাচাই-বাছাই করছেন।’
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৪/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
