ঢাকাঃ ক্লাসরুমে শিক্ষার্থীদের শান্ত রাখতে সিরিঞ্জ ব্যবহার করতেন শিক্ষিকা, দুইজনের শরীরে সুচ ফুটিয়েছিলেনও তিনি। ঘটনাটি ঘটেছে কুয়েতের আল সালামিয়া নামক এলাকার একটি বেসরকারি স্কুলে।
এ অভিযোগে ওই শিক্ষিকাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২১ দিনের রিমান্ড মঞ্জুর করে দেশটির কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ওই নারীকে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, অভিযুক্ত নারী সিরিয়ার নাগরিক। তিনি “ডিপেন্ডেন্ট ভিসায়” কুয়েতে অবস্থান করছেন। তবে স্কুলটিতে অবৈধভাবে চাকরি করছিলেন ২৪ বছর বয়সী ওই নারী।
কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল জারিদা’র বরাতে গালফ নিউজ জানিয়েছে, একজন অভিভাবকের অভিযোগের পর ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দুইজন শিক্ষার্থীকে সিরিঞ্জের সুচ ফুটিয়েছেন ওই শিক্ষিকা। অন্য শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে তিনি একই কাজ করার হুমকি দেন।
তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষিকা বলেছেন, উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে তিনি শুধু সিরিঞ্জ দেখিয়েছেন।
যদিও কুয়েতের সংবাদমাধ্যম আল কাবাস বিচার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, ওই শিক্ষিকা ইচ্ছা করেই দুই ছাত্রের শরীরে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে ভয় দেখান; পুলিশ এ ঘটনার সত্যতা পাওয়ার পরই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/৩০/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
