এইমাত্র পাওয়া

‘ছাত্র রাজনীতির ধরন পাল্টাতে হবে’

নিজস্ব প্রতিবেদক।।

ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান বলেছেন, বুয়েট অধ্যাদেশ ও নীতিমালা কি হবে তা নির্ধারণ করার অধিকার বুয়েট কতৃর্পক্ষের রয়েছে। বুয়েটের ছাত্র সংসদ সবসময় তাদের মতো করেই হয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নয়। বর্তমান সমস্যার সমাধান ছাত্র—শিক্ষকসহ সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে হওয়া উচিৎ।

শনিবার (৬ এপ্রিল) ঢাকার এফডিসিতে বুয়েটের চলমান অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাকসু সাবেক ভিপি।

তিনি বলেন, গত ৫ বছরে রাজনীতিমুক্ত বুয়েটে অনেক সফলতা যেমন রয়েছে তেমনি অতীতে রাজনীতি চলমান রেখেও বুয়েটের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কৃতিত্বের পরিচয় দিয়েছে। আমরা ছাত্র সংসদ চাই, কিন্তু মারামারি হানাহানির ছাত্র সংসদ চাইনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সভাপতির বক্তব্যে কিরণ বলেন, আদালতের আদেশে বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে, নাকি বুয়েট কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের মতামতকে আদালতে তুলে ধরবেন তা বুঝতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে বুয়েট কর্তৃপক্ষ বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তা আদালতে তুলে ধরার পূর্বে সকল শিক্ষার্থীদের নিয়ে ভোটের আয়োজন করতে পারেন।

উক্ত ভোটের ফলাফল আদালতে তুলে ধরা হলে আমরা আশা করি বুয়েটের চলমান সংকটের একটি সমাধান বেরিয়ে আসবে। তবে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ও ন্যায্য দাবী-দাওয়া আদায়ে বুয়েটে অরাজনৈতিক স্টুডেন্ট কেবিনেট গঠন করা যেতে পারে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ১০ দফা সুপারিশ করেন।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের সহায়ক’ শীর্ষক ছায়া সংসদে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিতার্কিকদের পরাজিত করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোস্তফা কামাল মল্লিক, সাংবাদিক মাহবুব কবির চপল ও সাংবাদিক শামীমা সুলতানা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৭/০৪/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.