নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে নতুন মুখ এসেছে। নির্বাচনের মাধ্যমে তিন বছর মেয়াদি (২০২৪-২০২৬) নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাবের অনুমতিক্রমে এই ফলাফল ঘোষণা করেন ব্যবস্থাপনা পর্ষদের বিদায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
ভোটের ফলাফল অনুযায়ী নতুন ব্যবস্থাপনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান চৌধুরী হেলাল। ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুস ছালাম।
২০২৪-২০২৬ মেয়াদে ব্যবস্থাপনা পর্ষদের সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুন্সী কামরুজ্জামান কাজল, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মো. মস্তাক আহমদ পলাশ, রবীন্দ্র মোহন সাহা (রবি), মো. আব্দুল হামিদ, অ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, রাজিয়া সুলতানা লুনা, গাজী মোজাম্মেল হোসেন টুকু, অ্যাড. শিহাব উদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা এস এম নূর মোহাম্মদ (দুলু), মফিজুর রহমান বাবলু, রেহানা আশিকুর রহমান।
আগামী তিন বছরের জন্য সোসাইটির পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে নতুন এই ব্যবস্থাপনা পর্ষদ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সারাদেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ব্রাঞ্চের মধ্যে ৬৭টি ব্রাঞ্চের নির্বাচিত ডেলিগেটদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় নতুন এই কমিটি।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বরগুনা জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি ও ডেলিগেট অ্যাড. মো. আবদুল মোতালেব মিয়া এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি ও ডেলিগেট মকবুল হোসেন মিন্টু এবং চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সেক্রেটারি ও ডেলিগেট মো. শহিদুল ইসলাম শাহান।
শিক্ষাবার্তা ডটকম/জামান/২১/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
