এইমাত্র পাওয়া

ট্রেনে বাড়ি ফিরতে অজ্ঞান পার্টির কবলে জাককানইবির শিক্ষার্থী

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ট্রেনে করে ময়মনসিংহ থেকে বাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে টাকা ও মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র খোয়া গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক শিক্ষার্থীর। বর্তমানে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে শারীরিকভাবে তিনি এখনো ভারসাম্যহীন অবস্থায় আছেন।

অজ্ঞান পার্টির কবলে পড়া নজরুল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম নরোত্তম পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলায়।

জানা যায়, গত ২৬ তারিখ ঈদের বন্ধের কারণে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ রেল স্টেশন থেকে ধলেশ্বরী এক্সপ্রেসে আড়াই টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের দিকে রওনা দেয়। এরপর ট্রেনে থাকাকালীন সময়ে ছিনতাইকারীরা চেতনানাশক দ্রব্যের মাধ্যমে অবচেতন করে এবং ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে তারাকান্দি রেলওয়ে স্টেশনে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেখানকার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে খবর পেয়ে তার ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের বাবা মা এবং জামালপুরে চাকরিরত তার এক আত্মীয়ের সহযোগিতায় জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে তার ভগ্নিপতি তাকে বাসায় নিয়ে আসেন। বর্তমানে তার শরীরের ভারসাম্য ঠিক নেই এবং চিকিৎসাধীন অবস্থায় আছে।

চিকিৎসাধীন থাকায় নরোত্তমের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। তবে তার বন্ধু হৃদয় খন্দকার (সঙ্গীত বিভাগ) বলেন, “এমন ঘটনা খুবই মর্মান্তিক এবং ভীতিকর। নরোত্তমের মত এরকম ঘটনার স্বীকার যেন আর কেউ না হয়। আমি ব্যক্তিগতভাবে ট্রেন কর্তৃপক্ষকে প্রতিটি বগিতে পুলিশি নজরদারি বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.