নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে ফলাফল প্রকাশের নোটিশ প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা দেওয়া হয়েছে এবং মেধাতালিকা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ বণ্টন করা হয়েছে। এর মধ্যে মেধাক্রম মেনে মোট ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আদনান আহমেদ তামিম, তার ভর্তি পরীক্ষার রোল ছিল ৫২৭০৭। দ্বিতীয় হয়েছেন হাবিবুল্লাহ খান, তিনিও নটরডেমের ছাত্র, রোল ৫২৮৮০। অন্যদিকে তৃতীয় হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র সুদীপ্ত পোদ্দার, রোল ৫০৯৬৩।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা এবং বিজ্ঞপ্তিতে নির্দেশিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্মে তথ্য পূরণ করবেন। দ্বিতীয় ধাপে ভর্তির ফি প্রদান করবেন। এ বছর প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি ফি ৭ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্থাপত্য বিভাগের ভর্তি ফি ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি-এর রশিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করবেন।
এতে আরও বলা হয়েছে, আগামী ২৭ মার্চ স্থাপত্য বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়া প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাক্ষাৎকার ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
