এইমাত্র পাওয়া

জাবি: শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল চান শিক্ষার্থীরা

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ভর্তি ফি থেকে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে ৪৯ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরে তামিম স্রোতের সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় তারা শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবি জানান।

সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রী জাহাঙ্গীরনগর শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, ‘একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর জন্য আগেই আলাদাভাবে টাকা বরাদ্দ করা থাকে কিন্তু আমাদের আবার কেন শিক্ষার্থী কল্যাণ ফি দিতে হবে। এই টাকায় আলাদা করে আমাদের কী কল্যাণ করা হবে তা নিয়ে সংশয় থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে চায়। আমরা তাদের মনে করিয়ে দিতে চাই বিশ্ববিদ্যালয় কোনো টাকা কামাইয়ের জায়গা না।

যার বাবা রিকশা চালায় তার পক্ষে এত টাকা বিশ্ববিদ্যালয় ফি দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। এই বিশ্ববিদ্যালয় যতটা এলিট শ্রেণির ততটা শ্রমজীবী মানুষের।
এ সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, প্রশাসন নতুন বোতলে পুরাতন মদকে আমদানি করার চেষ্টা করছে। যে বিভাগ উন্নয়ন ফি আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল, সেটাই এখন শিক্ষার্থী কল্যাণ ফি নামে চালু করতে চাচ্ছে প্রশাসন।

এই যে অতিরিক্ত ফি সেটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উচ্চ বিত্তের মধ্যে আটকে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আমরা তার তীব্র নিন্দা জানাই।

সমাবেশে সমাপনী বক্তব্যে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, দেশে যে তালবাহানা চলছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেগুলো দেখে শিখছে। সরকার যেরকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট তৈরি করেছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও তেমন বিভাগ উন্নয়ন ফি এর পরিবর্তে শিক্ষার্থী কল্যাণ ফি চালু করছে। মাস্টারপ্ল্যান না দেওয়ার খেলা, বিভাগ উন্নয়ন ফি’র পরিবর্তে শিক্ষার্থী কল্যাণ ফি নামে যে খেলা উইকেন্ডের নামে টাকা হাতানোর যে খেলা এই খেলা খেলতে গিয়ে ভিসি স্যার আপনি না বহিষ্কার হয়ে যান সেটা মাথায় রাখিয়েন।

উল্লেখ্য, আজ ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে, এবার শিক্ষার্থী কল্যাণ ফি বাবদ ৬০০০ টাকা বেশি নেওয়া হচ্ছে গত বছরের তুলনায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.